ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, October 18, 2026 - 11:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিবার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ-বারসিক এর আয়োজনে বারসিক, রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারের সেমিনার রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রথম দিনে জেন্ডার ও বৈচিত্র্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন বারসিক এর এগ্রোইকোলজি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। সমাপনী দিনে আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম এবং বারসিক বরেন্দ্র অঞলের আঞ্চলিক সমন্বয়কারী, নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম।

কর্মশালায় জেন্ডার, জেন্ডারভিত্তিক ভূমিকা ও বৈষম্য, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, জেন্ডার নিড, জেন্ডার মূলধারায়ন, জেন্ডার পলিসি, জেন্ডার লেন্স এবং অধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং মানবাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবন, পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বিদ্যমান বৈষম্য চিহ্নিত করার পাশাপাশি তা প্রতিরোধে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং মানবাধিকার সুরক্ষায় সকল মানুষের সমান মর্যাদা, অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষসহ সকল মানুষের অধিকার, সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো কর্মসূচিতে নারীর উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়; বরং তাঁদের মতামত, অভিজ্ঞতা ও জ্ঞানকে যথাযথ গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন, সম্পদ বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বয়স, প্রতিবন্ধিতা, জাতিগত পরিচয়, আর্থসামাজিক অবস্থান ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে যেন কেউ অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।