ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারপিটের অভিযোগ

  • আপডেট: Sunday, October 18, 2026 - 11:12 pm

স্টাফ রিপোর্টার: পবার নওহাটায় ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ফিড ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী ব্যবসায়ীর নাম বেলাল উদ্দিন (৪৯)। তিনি পবা উপজেলার পূর্ব পুঠিয়াপাড়া এলাকার বাসিন্দা। নওহাটা সেতুর উত্তর পাশে তাঁর ফিডের দোকান রয়েছে। তাঁর অভিযোগ, বাবলু হোসেনের কাছে ফিড বিক্রির পাওনা টাকা চাইতে গেলে বাবলু ও তাঁর ভাই বুলবুল হোসেন তাঁকে মারধর করেন।

বেলাল উদ্দিনের দাবি, বাবলু হোসেন বিভিন্ন সময়ে তাঁর দোকান থেকে বাকিতে ফিড কিনেছেন। এ বাবদ তাঁর কাছে ১১ লাখ ৮৪ হাজার ৩৯০ টাকা পাওনা রয়েছে। গত ১২ অক্টোবর সকাল ১০টার দিকে বাবলু ও বুলবুল তাঁর দোকানে এলে তিনি পাওনা টাকা চান। তখন তাঁরা তাঁকে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে ইটের টুকরা ও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান বলে অভিযোগ করেন। বেলাল উদ্দিন আরও অভিযোগ করেন, ঘটনার পর তাঁকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁর ভাষ্য, পাওনা টাকার লেনদেনের প্রমাণ হিসেবে দোকানের মেমো ও সিসিটিভি ফুটেজ রয়েছে।

বাবলু হোসেনের সঙ্গে কথা বললে তিনি বেলাল উদ্দিনের কাছে টাকা পাওনার বিষয়টি স্বীকার করেন। তবে বেলালের দাবির চেয়ে কম টাকা পাওনা বলে জানান। বাবলুর ভাষ্য, বেলাল তাঁর কাছে প্রায় ৯ লাখ টাকার একটি মেমো দিয়েছেন। তিনি দাবি করেন, ওই মেমোতে উল্লেখিত পণ্যের মূল্য পরিশোধ করেছেন এবং বেলালের কাছে অল্প কিছু টাকা বাকি থাকতে পারে। তবে ঠিক কত টাকা বাকি, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। মারধরের অভিযোগ অস্বীকার করে বাবলু বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। সেটি দেখে ঘটনার প্রকৃত অবস্থা বোঝা যাবে। তাঁর দাবি, বেলালই প্রথম তাঁকে ধাক্কা দেন, পরে তিনি ধাক্কা দেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ঘটনাটি তদন্তাধীন। মারধরের ঘটনায় বেলাল উদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও মেডিকেল প্রতিবেদন চাওয়া হয়েছে। সেগুলো পাওয়ার পর আদালতে প্রতিবেদন দেয়া হবে।