ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে নিরাপদ খাদ্য ও এগ্রোইকোলজি মেলা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, October 16, 2026 - 9:35 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘দেশি বীজ, প্রকৃতিবান্ধব কৃষি – পুষ্টিসমৃদ্ধ আগামীর’ প্রত্যয়ে রাজশাহীর পবা উপজেলার তালুকধর্মপুরে ‘নিরাপদ খাদ্য ও এগ্রোইকোলজি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় তালুকধর্মপুর নারী উন্নয়ন সংগঠন, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে তালুকধর্মপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এই মেলার আয়োজন করা হয়।

মেলায় নিরাপদ খাদ্য, দেশি বীজ, কৃষিবৈচিত্র্য এবং জৈব বালাই ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণ, স্থানীয় বীজ সংরক্ষণ এবং পুষ্টিকর খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালুকধর্মপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক শিল্পী খাতুনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন এগ্রোইকোলজি চর্চাকারী কৃষাণী মোসা. রাকিবা খাতুন, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান, কৃষাণী শায়লা বেগম, বিলনেপালপাড়া এগ্রোইকোলজি সেন্টারের তত্ত্বাবধায়ক মোসা. সুলতানা খাতুন এবং বারসিকের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা স্থানীয় বীজ সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে রাষ্ট্রীয় নীতিগত সহায়তা ও জোরালো পদক্ষেপের দাবি জানান।