মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
স্টাফ রিপোর্টার: দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
শুক্রবার সকালে দেবীর নিদ্রাভঙ্গের আবাহন ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে জেলার প্রতিটি মন্দিরে ও মণ্ডপে শুরু হয় উৎসবের আমেজ।
রাজশাহী মহানগরীর বিভিন্ন মণ্ডপে ষোড়শ উপচারে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হচ্ছে। ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে মূল পূজার আচার শুরু হয়েছে। এ বছর রাজশাহী মহানগরীতে ৮৫টিসহ পুরো জেলায় মোট ৪৮৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ঢাকঢোল ও কাসার শব্দে এবং ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।
প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলার কথা থাকলেও, এ বছর সপ্তমীর তিথি দুদিন হওয়ায় দুর্গোৎসবের ব্যাপ্তি বেড়ে ছয় দিনে দাঁড়িয়েছে। আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
এদিকে, শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে রাজশাহীতে কঠোর ও বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। মহানগরী ও জেলার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।











