ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

বিএমডি’র সৌর সেচযন্ত্র সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, October 15, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলে কৃষি সেচ কার্যক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং সেচযন্ত্রের সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিএমডিএর প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সোলার সেচযন্ত্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এবং সুপার স্টার রিনিউবল এনার্জি লিমিটেডের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)। সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পিএন্ডডি পার্টনার প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী ড. মো. আবুল কাসেম।

প্রধান অতিথি জাহাঙ্গীর আলম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বিএমডিএর আওতাধীন ১৫ হাজার গভীর নলকূপ সৌরবিদ্যুৎচালিত এলএলপি পাম্পের আওতায় এনে নেট মিটারিংয়ের মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হলে প্রতিষ্ঠানটির বার্ষিক বিদ্যুৎ বিল বাবদ ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে।

এছাড়া সৌর সেচযন্ত্রের পাম্প, মোটর, সোলার প্যানেল, কন্ট্রোলার ও ইনভার্টারের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়লে যন্ত্রের অপ্রয়োজনীয় বিকলতা কমানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে প্রকৌশলী ড. মো. আবুল কাসেম বলেন, সৌর সেচব্যবস্থার সফল বাস্তবায়নে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে সৌর সেচযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের ব্যবহার, স্বয়ংক্রিয় সুইচিং পদ্ধতি এবং সম্ভাব্য ত্রুটি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিএমডিএর রাজশাহী অঞ্চলের বিভিন্ন জোনের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও মেকানিকসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সোনালী/জগদীশ রবিদাস