ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

দুই হাজার ইয়াবাসহ শিক্ষক দম্পতি হাতেনাতে আটক

  • আপডেট: Thursday, October 15, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত বুধবার রাত ১১টায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার হাইটেক পার্কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক আল আমিন (৪৩) নগরীর গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত কাবিলের ছেলে। সে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার স্ত্রী সিমা খাতুন (৩৮) পবা উপজেলার মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। আমাদের কাছে তথ্য ছিল, বিপুলসংখ্যক ইয়াবা পাচার হবে। এ কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চেকপোস্টের মতো ব্যবস্থা নেয়া হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়া হলে চালক তা অমান্য করে চলে যায়। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার মোটরসাইকেল থেকে দুই হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

তিনি আরও জানান, আটক আল আমিন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার স্ত্রী সিমা খাতুনও পবা উপজেলার মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষক আটকের ঘটনায় বিস্ময় প্রকাশ করে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসুল হক বলেন, মোহাম্মদ আলামিন আমাদের প্রতিষ্ঠানের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। এই প্রথম শুনলাম, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং সমাজের সবার জন্যই অত্যন্ত দুঃখজনক।

সোনালী/জগদীশ রবিদাস