রাবি ছাত্রদল সভাপতির নিঃশর্ত ক্ষমা দাবি ও কর্মসূচি বয়কট
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের প্রকাশ্য হামলার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করায় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল ইসলাম তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর হামলায় ক্যাম্পাসের চার সাংবাদিক গুরুতর আহত হন।
এ ঘটনায় তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থাকে যথেষ্ট মনে করছে না প্রেসক্লাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবকে সাময়িক বহিষ্কার করা হলেও প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত আহসান হাবীবের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ অক্টোবরের সিন্ডিকেট সভায় এ ঘটনায় অধিকতর তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রেসক্লাব। একই সঙ্গে আহসান হাবীবের সনদ বাতিল, হাসিবুল ইসলাম হাসিবের স্থায়ী বহিষ্কারসহ অপরাধের মাত্রা বিবেচনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
ছাত্রদল সভাপতির বক্তব্যের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকার পরও সুলতান আহমেদ রাহী তার ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। যা হামলার গুরুত্ব খাটো করে দেখানোর পাশাপাশি অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হলেও সভাপতির এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে প্রেসক্লাব।
হামলার ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বারবার হুমকির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পরিশেষে, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কট করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
সোনালী/জগদীশ রবিদাস











