ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৪৬ জন ও মহানগরীতে ২১ জন গ্রেপ্তার

  • আপডেট: Thursday, October 15, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের পৃথক অভিযানে মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল ও নগর পুলিশের পক্ষ থেকে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযান: গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে পরোয়ানাভুক্ত ৭১ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলার ৫৫০ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলার ৫ জন রয়েছেন। এছাড়া আলাদা অভিযানে ১৬ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

রেঞ্জ পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় মোট ৬৫টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ২টি খুন, ২টি দস্যুতা, ১টি চুরি এবং ৬০টি অন্যান্য খাতের মামলা রয়েছে। এ সময়ে ৬টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে এই সময়ে ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা দায়ের হয়নি। অভিযানকালে পুলিশ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি রামদা, ১টি চাপাতি ও ১টি হাঁসুয়া। পাশাপাশি ১০ গ্রাম হেরোইন, ৪১৭ পিস ইয়াবা, ২১৫ পিস ট্যাপেন্টাডল, ৯৭৫ গ্রাম গাঁজা এবং ৩৯.৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশি সেবা প্রদানও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের অধীনস্থ থানাসমূহে ১ হাজার ১ জন নাগরিককে সেবা প্রদান করা হয়েছে এবং চলতি মাসে এখন পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬০ জনে।

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১: অন্যদিকে, রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৯ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস