শাপলার উদ্যোগে নজরুল উৎসবের পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ‘শাপলা সৃজন মঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় সংস্থার নগরীর সপুরাস্থ কার্যালয়ের ‘শাপলা কালচারাল স্কুল’ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে শাপলা কালচারাল স্কুলের পরিচালনায় গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য চারটি ক্যাটাগরিতে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিষয়ক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শনিবার উক্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট) এবং বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এবং ইনফরমেশন অ্যান্ড রিসার্চ অফিসার ড. ইমরুল আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি, বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক, সিভিল সোসাইটি ও প্রশাসনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আগত অতিথিরা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুল বিষয়ক গান ও নাচ নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সোনালী/জগদীশ রবিদাস











