ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

মানবিক সংকটে শিশু সুরক্ষায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিল এসিডি

  • আপডেট: Saturday, November 21, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটের সময় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন (জেসিএমএস) বিভাগের অংশীদারিত্বে বিভাগের ল্যাবে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তরুণদের মধ্যে মানবিক সংকটে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং শিশুদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে এসিডির চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে শিশুর সুরক্ষা (চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন-সিপিএইচএ) এবং শিশু সুরক্ষায় নূন্যতম মানদন্ড (সিপিএমএস)-এর ২০১৯ সালের সংস্করণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। আন্তর্জাতিক সহযোগী সংস্থা অ্যালায়েন্স ফর চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন এ মানদন্ড প্রণয়ন করেছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেসিএমএস বিভাগের সমন্বয়ক (ইনচার্জ) ও সহকারী অধ্যাপক সাজ্জাত হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন এসিডির টেকনিক্যাল হাব ফোকাল সুব্রত কুমার পাল। সহযোগিতা করেন টেকনিক্যাল হাবের অলটারনেটিভ ফোকাল মানতাকা আকতার। প্রশিক্ষণে দুর্যোগ ও মানবিক সংকটের সময় শিশুরা কেন বেশি ঝুঁকির মুখে পড়ে, শিশু সুরক্ষা বলতে কী বোঝায় এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের করণীয় কী-এসব বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে শিশুদের নির্যাতন, অবহেলা, শোষণ ও সহিংসতার ঝুঁকি বেড়ে যায় বলে তুলে ধরা হয়।

এছাড়া শিশু সুরক্ষার ন্যূনতম মানদন্ডে চারটি মূল স্তম্ভ, ২৮টি মানদন্ড ও ১০টি নির্দেশনামূলক নীতি সম্পর্কে আলোচনা করা হয়। দলীয় আলোচনা, কাল্পনিক ঘটনা বিশ্লেষণ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা শিশু সুরক্ষার ঝুঁকি চিহ্নিত করা, কোনো শিশু উদ্বেগ বা অভিযোগ জানালে নিরাপদভাবে সাড়া দেওয়া এবং প্রয়োজনীয় সেবার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানোর বিষয়ে ধারণা লাভ করেন।