ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

আকভানের বৃষ্টিতে দিশেহারা দুই জেলার কৃষক

  • আপডেট: Saturday, November 21, 2026 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত দুই দিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় রাজশাহী ও আশপাশের অঞ্চলে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাঠে কেটে রাখা পাকা ধান পানিতে ডুবে যাওয়া, আঁটি ভিজে যাওয়া এবং জমিতে ধান নুয়ে পড়ায় ফসল ঘরে তোলা ও উৎপাদন খরচ তোলা নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন কৃষকেরা।

দ্রুত পানি নিষ্কাশন ও রোদের দেখা না মিললে ধানের গুণগত মান নষ্ট হওয়া, পচে যাওয়া এবং শিষেই চারা গজানোর শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাজশাহীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার রাত ৯টা পর্যন্ত ৩৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছি।

রাজশাহী ও তানোরের চিত্র: গত শুক্রবার থেকে শুরু হওয়া হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি গতকাল শনিবারও অব্যাহত থাকায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় আমন কাটার ভরা মৌসুমে বিপাকে পড়েছেন চাষিরা। গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার বিল ও নিচু জমিতে কেটে রাখা ধান ও আঁটি পানিতে তলিয়ে গেছে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে দমকা হাওয়ায় পাকা ধানও হেলে পড়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে মোট ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; এ পর্যন্ত প্রায় ৩১ শতাংশ ধান কাটা হয়েছে। বিশেষ করে তানোর উপজেলায় টানা ভারী বর্ষণে ২০৩ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে ডুবে গেছে।

এর মধ্যে ১৫৭ হেক্টর জমির ধান আংশিক এবং ৪৬ হেক্টর জমির ধান পুরোপুরি ডুবে গেছে। কামারগাঁ ব্লকের কামারগাঁয় ৩০ হেক্টর, মাদারীপুরে ৮ হেক্টর ও কৃষ্ণপুরে ৫ হেক্টর; পাঁচন্দর ব্লকের মোহাম্মদপুরে ৭ হেক্টর ও চাঁদপুরে ১০ হেক্টর; চাঁন্দুড়িয়া ব্লকের চাঁন্দুড়িয়ায় ১৫ হেক্টর ও সিলিমপুরে ৫ হেক্টর এবং তানোর পৌর এলাকায় ১১০ হেক্টর জমির ধান ডুবেছে। তবে কলমা ইউনিয়নের আজিজপুর, চন্দনকোঠা ও কুজিশহরসহ বিভিন্ন এলাকার ধান ডোবার কোনো তথ্য দিতে পারেনি কৃষি অফিস।

এ ছাড়া উজান থেকে নেমে আসা পানির ঢলে গ্রামীণ রাস্তাঘাট, পুকুর ও খাল উপচে বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে; ক্ষতিগ্রস্ত হয়েছে সবজিখেতও। তানোরের তালন্দ ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হান্নান, তোফাজ্জল, বাদল ও হাসান আলী জানান, দুই দিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পানিতে তাঁদের মাঠের সব ধান মাটিতে লুটিয়ে পড়েছে, দ্রুত পানি নিষ্কাশন না হলে ব্যাপক ক্ষতি হবে।

তানোর পৌর এলাকার ধানতৈর গ্রামের কৃষক নিশান বলেন, জমিতে যে পরিমাণ পানি জমেছে, দ্রুত না সরলে ধানগাছে অঙ্কুরোদ্গম হতে পারে এবং উজান থেকে আসা পানিতে সবদিকে থইথই অবস্থা তৈরি হয়েছে। রাজশাহীর কৃষক আমিন বলেন, ‘আমার জমিতে ধান কেটে রেখেছিলাম। টানা বৃষ্টি কারণে সেগুলো ডুবে গেছে। বৃষ্টি না থামলে অনেক ক্ষতি হয়ে যাবে।’ কৃষক জাহিদুল বলেন, পাকা ধানের ওপর বৃষ্টি হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন, দ্রুত রোদ উঠলে ক্ষতি কিছুটা কমবে।

নওগাঁর নিয়ামতপুর ও রাণীনগরে ভোগান্তি:

রাজশাহীর পাশাপাশি নওগাঁর নিয়ামতপুর ও রাণীনগর উপজেলাতেও বৈরী আবহাওয়ায় আমন চাষিরা বিপাকে পড়েছেন। নিয়ামতপুরে মাঠে পড়ে থাকা পাকা ও কাটা আমন ধান ভিজে যাওয়ায় ফলন কম হওয়া ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে ৩১ হাজার ৪০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে—যার মধ্যে স্বর্ণা-৫ ও ব্রি-৫১ জাতের ধান বেশি। এখন পর্যন্ত ৪০ শতাংশ ধান কাটা হয়েছে। নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, কয়েক দিন আগে ছয় বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছিলেন, বৃষ্টিতে পানিতে জমে ভিজে যাওয়ায় বিক্রি করলে ভালো দাম পাবেন না। ভাবিচা গ্রামের কৃষক ক্ষুদু মহন্ত জানান, বৃষ্টি শুরুর মাত্র একদিন আগে কাটা ধান পানিতে ভিজছে, সময়মতো শুকাতে না পারলে ক্ষতির শঙ্কা রয়েছে।

অন্যদিকে, বরেন্দ্র অঞ্চল খ্যাত রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে অসময়ের বৃষ্টিতে মাঠের বেশ কিছু পাকা ধান জমিতে নুয়ে পড়েছে এবং কেটে রাখা ধান পানি জমে ক্ষতির মুখে পড়েছে। প্রভাব পড়তে পারে ধান কাটা-মাড়াই, শীতকালীন সবজি ও রবি মৌসুমের আগাম জাতের ফসল রোপণে; হিমেল বাতাসে শীতের আমেজও দেখা দিয়েছে। উপজেলায় ১৯ হাজার ৭০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন লাগানো হয়েছে; মিরাট, গোনা ও সদর ইউনিয়নের কিছু জমিতে বন্যার পানি থাকায় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সদর ইউনিয়নের খট্রেশ্বর গ্রামের কৃষক আবুবক্কর সিদ্দিক জানান, প্রায় ১২ বিঘা জমিতে ধান চাষ করেছেন, কিছু ধান কেটেছেন এবং বৈরী আবহাওয়ায় পাকা ধান জমিতে পড়ে যাওয়ায় রোদ না থাকায় কাটতে পারছেন না।

এদিকে, রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজীব খান জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৮.৮ মিলিমিটার এবং শনিবার সকাল ছয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রোববার ও আগামীকাল সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে আজ রোববার থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং তাপমাত্রা ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাণীনগরে গত দুই দিনে প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা জানান, কেটে রাখা ধান দীর্ঘ সময় পানিতে থাকলে শিষ থেকে ঝরে পড়তে পারে, রং কালচে হয়ে অঙ্কুরোদ্গমের ঝুঁকি থাকে। তাই দ্রুত পানি নিষ্কাশন ও ধান উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। টানা আবহাওয়ায় গ্রামীণ হাটবাজার ও কৃষি শ্রমিকদের কাজেও স্থবিরতা নেমে এসেছে।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ২২ হাজার ৪৩৫ হেক্টর রোপা আমন আবাদের মধ্যে ৪৬ হেক্টর পুরোপুরি ও ১৫৭ হেক্টর আংশিক ডুবেছে; পানি পুরোপুরি থামলে সঠিক হিসাব মিলবে এবং তিন-চার দিনের মধ্যে পানি নেমে গেলে বড় ক্ষতি হবে না, তবে বেশি সময় জমিতে থাকলে উৎপাদন ব্যাহত হবে। নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কাটা-সংগ্রহে সাময়িক ভোগান্তি হলেও ফসলের বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই; রোববার আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে নজর রাখছেন। রাণীনগরের উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলামও জানান, বন্যাজনিত কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আবাদ হয়েছে এবং বৃষ্টি থেমে রোদের প্রভাব পড়লে পাকা ও কাটা ধানের তেমন কোনো ক্ষতি হবে না।