ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

রাজশাহী রেঞ্জ পুলিশ ও আরএমপির অভিযানে ১৯৫ জন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশ এবং রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল ও নগর পুলিশের মুখপাত্রের কার্যালয় থেকে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

রেঞ্জ পুলিশের অভিযান:

রেঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দায়ের করা ৪৬টি নতুন মামলা এবং পূর্বের বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ১১৩ জন, সাজাপ্রাপ্ত ১৩ জন, তদন্তাধীন মামলার ৫০ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১২ জন আসামি রয়েছেন। অভিযান পরিচালনাকালে ২৪ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৮৪ পিস ইয়াবা, ১৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ এবং ১০.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রেঞ্জ পুলিশ জানায়, এই সময়ে খুন, ডাকাতি বা সাইবার অপরাধের মতো বড় কোনো ঘটনা না ঘটলেও ২টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

আরএমপির মাদকবিরোধী অভিযান:

অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম ও বিভিন্ন থানার পৃথক অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর)  গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ অক্টোবর রাতে মতিহার থানার সহযোগিতায় মির্জাপুর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অভিযান চালিয়ে ১৮ পিস ট্যাপেন্টাডল, নগদ ৩০০ টাকা ও মোবাইল ফোনসহ সুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী সনি শেখ (২৩) পালিয়ে যায়। একই রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুঁড়িপাড়া পোড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুমা (৫১) নামের এক নারীকে ১৭ পিস ইয়াবা ও ৩০ হাজার ৭০০ টাকাসহ গ্রেপ্তার করে।

এ ছাড়া ডিবি, রাজপাড়া থানা এবং শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে সারোয়ার জাহান ওরফে সারু (৪৮), শাহীন (৫০), ইমন হোসেন ডলার (৩৪), ফিরোজ (২৭) ও ইসমাইল (৩৩)-কে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে ৮ অক্টোবর রাতে রুয়েট ক্যাম্পাসের ফটক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ মালামাল উদ্ধার করা হলেও মানিক বিশ্বাস (৪৫) ও জিন্নাতুন নেছা (৬৯) নামের দুজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনালী/জগদীশ রবিদাস