ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

রাজশাহীতে স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান, ই-ট্র্যাকার ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় নগরীর হোটেল এক্সের কনভেনশন রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এতে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক ডা. রফিকুল হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) সৈয়দ মোস্তাক হাসান, জেলা তথ্য অফিস রাজশাহীর পরিচালক (রুটিন দায়িত্ব) রাফেয়ালা নাসরিন, রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রওশন আখতার এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি অফিসের স্বাস্থ্য ব্যবস্থাপক ও টিকাদান কার্যক্রমের প্রধান ডা. রিয়াদ মাহমুদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইম্যুনাইজেশন (গাভি) এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় রাজশাহী অঞ্চলের টিকাদান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি ই-ট্র্যাকার ব্যবস্থাপনা জোরদারকরণ, টিকাদান কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেয়া হয়।

সোনালী/জগদীশ রবিদাস