ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১:৫১ পূর্বাহ্ন

রাবিতে বিশ্ব ডিম দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বিশ্ব ডিম দিবস উপলক্ষে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে প্রশাসন ভবন-১ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অনুষদের অধিকর্তা প্রফেসর কে এম মোজাফফর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে একটি খ্যাতনামা পোল্ট্রি প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রায় দুই হাজার ডিম ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় বিতরণ করা হয়।

অপরদিকে, ‘বাস্তব অভিজ্ঞতার কথা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’ প্রতিপাদ্য নিয়ে রাবি মানসিক স্বাস্থ্য কেন্দ্র ও মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহা. এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজির আহম্মদ তুষার।