সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির আর নেই
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, যুব মৈত্রীর রাজশাহী মহানগরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুজ্জামান মনির আর নেই।
গতকাল শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ রোববার বাদ জোহর নগরীর কাদিরগঞ্জ ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হবে।
এক ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে রাজশাহীর প্রগতিশীল ও বাম রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটি।
এক যৌথ শোকবার্তায় ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথের আন্দোলন-সংগ্রামে মনিরুজ্জামান মনিরের ত্যাগ ও দীর্ঘদিনের বিপ্লবী ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এছাড়া পৃথক পৃথক শোকবার্তায় সাবেক ও বর্তমান ছাত্র মৈত্রী এবং যুব মৈত্রীর নেতৃবৃন্দ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
সোনালী/জগদীশ রবিদাস











