ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ৪:১৩ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে সেপ্টেম্বরের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ৯৮ জন

  • আপডেট: Sunday, September 27, 2026 - 3:58 am

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটিতে মোট ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। বছরজুড়ে এ নিয়ে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জনে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, এ পর্যন্ত মৃত্যুবরণকারী ১৩ জনের মধ্যে সর্বোচ্চ পাঁচজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীর চারজন, কুষ্টিয়ার দুইজন এবং পাবনা ও নাটোর জেলার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ১১ জন প্রাপ্তবয়স্ক এবং দুইজন শিশু; যার মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন।

পরিসংখ্যান বিশ্লেষণ করে তিনি আরও জানান, চলতি বছরের মোট মৃত্যুর ৬১ শতাংশেরও বেশি ঘটেছে কেবল সেপ্টেম্বরেই। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুইজন, জুনে একজন ও আগস্টে দুইজনের মৃত্যু হলেও সেপ্টেম্বরের ২৫ দিনেই সেই সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে এবং রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।