লালপুরে পদ্মার চরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনা প্রতিনিধি দল
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মার চরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধি দল।
শনিবার প্রতিনিধি দলটি উপজেলার বিলমাড়িয়া ও লালপুর সদর ইউনিয়নের সম্ভাব্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়ন প্রক্রিয়া, স্থানীয় বিদ্যুৎ চাহিদা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।
পরিদর্শনকালে লালপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. আবীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ পাপ্পু, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
লালপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, লালপুরের পদ্মার চরে দুইটি ইউনিয়নের ৩০০ একর জমিতে বিদ্যুৎ প্রকল্পটি স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নেও প্রকল্পটি ভূমিকা রাখবে। এছাড়াও দুই ইউনিয়নের চরবাসীদের যাতায়াতের জন্য দুইটি সেতু নির্মাণ করা হবে।
নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, লালপুরের পদ্মার চরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই চলছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলের প্রকল্প এলাকা পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এটি বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে এর কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়গুলো চূড়ান্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।











