বাগমারায় স্বামী-সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ
বাগমারা প্রতিনিধি: বাগমারায় স্বামী ও দুই বছরের সন্তানকে রেখে জয়নব আক্তার বিউটি (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তাঁর গর্ভে আরও একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন স্বামী। নিখোঁজের ঘটনায় গৃহবধূর বাবা জয়নাল আবেদীন বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও জয়নবের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে দুই বছরের শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন তার বাবা। মায়ের জন্য শিশুটি কান্নাকাটি করছে বলেও জানিয়েছেন স্বজনরা।
জিডি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের পিদ্দপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন জয়নব আক্তার বিউটি।
এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। জয়নব ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে পারিবারিক ভাবে পিদ্দপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে জুয়েল রানার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে জয়নব অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তাঁর স্বামী।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।











