ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—গোদাগাড়ী থানার ইমামগঞ্জ গ্রামের মৃত নূর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৭), একই গ্রামের আলী হোসেনের ছেলে সাগর আলী (৩৫) এবং আরএমপির দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে সারোয়ার হোসেন সুমন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিয়াডাঙ্গা এলাকায় রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উক্ত তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সাদ্দাম হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাগর আলী ও সারোয়ার হোসেন সুমনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফাইজুল কবির জানান, মাদকমুক্ত সমাজ গঠনে আরএমপি দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের সামাজিক ব্যাধি নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।