নগরীর জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
স্টাফ রিপোর্টার: ভারী বর্ষণে সৃষ্ট নগরীর জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতাকর্মীদের ড্রেন ও বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বুধবার দুপুরে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে বৃষ্টি জমে থাকা পানি প্রবাহ সচল করতে কাজ করছিলেন রাসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।
পরিদর্শনের সময় রাসিক প্রশাসক পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন।











