ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম

এক দিনে দুই দফা বিপর্যয়: রাজশাহীতে ট্রেন যাত্রীরা চরম ভোগান্তিতে

  • আপডেট: Tuesday, September 1, 2026 - 10:48 pm

স্টাফ রিপোর্টার: একই দিনে পর পর দুই দফা দুর্ঘটনার কারণে গতকাল মঙ্গলবার কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

সকালে নাটোরের আড়ানী স্টেশনের কাছে রেললাইনে ফাটল ও পরবর্তীতে হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগির স্প্রিং খুলে বিকল হয়ে পড়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ছয়টি ট্রেন।

বিশেষ করে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস আটকে পড়ায় কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত করলে ট্রেন চলাচল পুনঃরায় শুরু হয়। তবে এই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি।

সকালের ত্রুটি সারানোর কিছুক্ষণ পরই ঘটে দ্বিতীয় ঘটনাটি। পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ সকাল সোয়া ১১টার দিকে হরিয়ান রেলওয়ে স্টেশনের অদূরে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকার স্প্রিং খুলে যায়।

এতে বগিটি লাইনের ওপর বিকল হয়ে পড়ে এবং আবারও রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ এই বিপর্যয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে যান। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রাথমিকভাবে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ডাকার কথা থাকলেও স্থানীয় প্রকৌশলীদের প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ক্ষতিগ্রস্ত বগিটি মেরামত করা সম্ভব হয়। বেলা পৌনে ৩টার দিকে হরিয়ান অংশে লাইন সচল হলে রাজশাহীর সঙ্গে ঢাকা ও অন্যান্য রুটের ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

সংকট নিরসনের বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। দ্রুততম সময়ে মেরামত কাজ শেষ করে লাইনটি সচল করা হয়েছে।

একই দিনে পর পর দুই বার রেললাইন ও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘসময় ট্রেন বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে ও মাঝপথে আটকে থেকে বাধ্য হয়ে অনেকেই বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন।

সোনালী/জগদীশ রবিদাস