বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি তথ্য দিতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে ‘এডুকেশনইউএসএ’র আয়োজনে ‘যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে আমেরিকান কর্নারে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা চলে দুপুর ১টা পর্যন্ত। মেলায় যুক্তরাষ্ট্রের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি অংশ নেন।
এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউটিভার্সিটিসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রতিনিধিসহ মোট ১৫টি প্রতিষ্ঠান এবং ১,১৬২ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
মেলায় উচ্চশিক্ষার বিভিন্ন প্রোগ্রাম, বৃত্তির সুযোগ, আবেদন প্রক্রিয়া ও একাডেমিক সুযোগ-সুবিধা নিয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এডুকেশনইউএসএ নিয়ে একটি বিশেষ দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, এই প্রথম এ ধরনের আয়োজন করতে পেরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি সঠিক তথ্য পাওয়ার সুযোগ পেলেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
এডুকেশনইউএসএ-এর প্রতিনিধি লুইস কার্দেনাস জানান, বাংলাদেশে উচ্চশিক্ষার তথ্য পৌঁছাতে তাদের সংস্থা সেতুবন্ধন হিসেবে কাজ করছে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে থাকা পরামর্শ কেন্দ্রে শিক্ষার্থীরা নিয়মিত এ সুবিধা পাবেন।











