ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

ধানি জমি কেটে পুকুর, পুঠিয়ায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:16 pm

পুঠিয়া প্রতিনিধি: ধানি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন এবং সেই মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কৈহাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন শফিকুল ইসলাম ও আলী আজগর। তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

এর আগে রোববার রাত ১০টা থেকে সোমবার রাত ১টা ১০ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া, কৈহাড়িয়া ও জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া এলাকায় অভিযান চালানো হয়। ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পৃথক দুটি স্থান থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর পাওয়া যায়। ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় এস্কেভেটর দুটি সেখানেই সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। একই অভিযানে চারটি ব্যাটারি জব্দ করা হয়। এর মধ্যে দুটি ব্যাটারি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। পরে সোমবার কৈহাড়িয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হলে কৃষিজমির শ্রেণি পরিবর্তন, মাটি কাটা ও পরিবহনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত আদালত দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পুঠিয়া থানায় নেওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, মোবাইল কোর্টে দণ্ডিত দুই ব্যক্তিকে থানায় আনার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষিজমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে মাটি কাটা এবং মাটি পরিবহনের মাধ্যমে জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।