ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১২:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে সবজির বাজার স্থিতিশীল, বেড়েছে ডিমের দাম

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:48 pm

স্টাফ রিপোর্টার: বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজশাহীতে সবজির দাম স্থিতিশীল রয়েছে। এতে স্বস্তিতে বাজার করছেন সাধারণ ক্রেতারা। তবে সবজির বাজার নিয়ন্ত্রণে থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম।

শনিবার সকালে নগরীর সাহেব বাজারসহ আশপাশের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। বর্তমানে বাজারে শসা ও করলা ৩০ টাকা, আলু ২০-২৫ টাকা, পেঁয়াজ ৪৫-৫০ টাকা, পটল ৩০ টাকা, ঢেঁড়স ২৫-৩০ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা, ঝিঙা ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা এবং মিষ্টি কুমড়া ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচাকলা প্রতি হালি ২৫ টাকা, ওল ৪০ টাকা, লাউ প্রতিটি ৩০ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহের মতো গাজর ও টমেটোর দামও স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতি কেজি গাজর ১৪০ টাকা, টমেটো ১৪০-১৫০ টাকা, আদা ১৮০ টাকা, নাটোরের রসুন ৮০ টাকা এবং দেশি রসুন ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, রাজশাহীর বাজারে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সবজি আসছে। সরবরাহ স্বাভাবিক থাকায় অধিকাংশ সবজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা আলী আকবর ও জসিম জানান, বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই, এমনকি কাঁচা মরিচের দামও কমে এসেছে। দাম নাগালে থাকায় ক্রেতাদের উপস্থিতি ও বিক্রি দুটোই ভালো। বাজার করতে আসা গালিব ও হাফিজুর নামের দুই ক্রেতা জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে কিছুদিন আগে সবজির দাম বেড়ে গেলেও এখন তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে এসেছে। বাজার এমন স্থিতিশীল থাকলে ক্রেতাদের জন্য বেশ স্বস্তিদায়ক হয়।

এদিকে মাছের বাজারে গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। বর্তমানে প্রতি কেজি রুই ২৭০-৩০০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১৭০-২১০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা, চাষের কৈ ২০০-২২০ টাকা, চাষের শিং ৩০০-৩৫০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, বোয়াল ৬৫০-৮০০ টাকা, চিংড়ি ৬৫০-৯০০ টাকা, কোরাল ৭৫০ টাকা, দেশি কৈ ৮০০-১০০০ টাকা এবং দেশি শিং ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, মুরগির বাজার স্থিতিশীল থাকলেও বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। বাজারে দেশি মুরগির ডিম প্রতি হালি ৭৫-৮০ টাকা, হাঁসের ডিম ৭০ টাকা, ফার্মের লাল ডিম ৪৪ টাকা এবং সাদা ডিম ৪২ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির মধ্যে ব্রয়লার ১৭০-১৮০ টাকা, সোনালি ২৫০-২৬০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, লাল লেয়ার ৩৪০ টাকা, ফাউমি ৩৩০ টাকা এবং হাঁস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম ও মুরগি ব্যবসায়ী হানিফ মাহমুদ জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডিমের দাম হালিতে ২ থেকে ৪ টাকা এবং ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ব্রয়লারসহ মুরগির বাজারে দাম অপরিবর্তিত রয়েছে।