ঢাকা | অগাস্ট ২৯, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

নবীনদের বরণ করে নিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। পরে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশে মাত্র ১৮ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান, সরকারি বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যা আরও কম। দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া অত্যন্ত গৌরবের। তোমরা ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি, যারা আগামী দিনের নেতৃত্ব দিতে এই ক্যাম্পাসে এসেছ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তোমরা সুযোগ পেয়েছ। মেধার পাশাপাশি অধ্যবসায় ও পরিশ্রমের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। মেধার সঙ্গে পরিশ্রম যুক্ত করলে যেকোনো বাধা জয় করা সম্ভব। অনুভূতি ব্যক্ত করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী শুকরিয়া বলেন, অনেক স্বপ্ন ও পরিশ্রমের পর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ৭৫৩ একরে পা রেখেছি। রাবির শিক্ষার্থী হতে পেরে আমি সত্যিই গর্বিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাদেজ্জুমান মিজান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

ইউজিসি চেয়ারম্যানের গবেষণাগার পরিদর্শন:

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সফররত ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ গতকাল ক্যাম্পাসের বিভিন্ন গবেষণাগার ও অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্লাজমা রিসার্চ ল্যাবসহ প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান এবং ফিশারীজ বিভাগের কয়েকটি বিশেষায়িত গবেষণাগার ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যমান গবেষণাগার আধুনিকায়ন ও নতুন ল্যাব প্রতিষ্ঠায় ইউজিসির উদ্যোগের কথা জানান।

পরিদর্শনকালে রাবি উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর জি এম শফিউর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর তারিকুল ইসলাম, রাবির ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও সভাপতিগণ উপস্থিত ছিলেন।