ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১:৫১ পূর্বাহ্ন

নিউ গভ: ডিগ্রি কলেজে অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশনের উদ্বোধন

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির এবং প্রথম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউ গভ: ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। কলেজের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই রেজিস্ট্রেশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কলেজের সকল সাবেক শিক্ষার্থীকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।