ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ৪:৩১ পূর্বাহ্ন

চারঘাটে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা পুলিশ ও চারঘাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হোরোইন ও ইয়াবা উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ও গতকাল শনিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪), আচুয়াভাটা গ্রামের তসলিম আলীর ছেলে ইমন হোসেন (২১) এবং চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহিদ হোসেন (৩০) ও তার সহযোগী আজম আলী (৬০)।

রাজশাহী জেলা পুলিশের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং আচুয়াভাটা গ্রামের তসলিম আলীর ছেলে ইমন হোসেন (২১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চারঘাট থানার শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১টা থেকে চারঘাট বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে হেরোইন বিক্রির উদ্দেশ্যে শিশাতলা তেল পাম্পের পেছনে অবস্থান করছেন। পরে রাত সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের এসআই স্বপন হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করেন।

এ সময় তাদের আটক করে ইমন হোসেনের দেহ তল্লাশি করা হয়। তাঁর পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা পলিথিনে মুখবন্ধ অবস্থায় ৬০ গ্রাম বাদামি রঙের গুঁড়া জাতীয় হেরোইন উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে রাজশাহীর চারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ মোহাম্মদ জাহিদ হোসেন (৩০) ও সহযোগী আজম আলী (৬০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। তারা দুজনই উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার দুপুরে চারঘাট পৌরসভার মোক্তারপুর এলাকায় পাকা রাস্তার উপর থেকে ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ তাদের দুজনকে আটক করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে মোক্তারপুর জনৈক ব্যক্তির বাড়ীর সামনে থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৮৫ পিচ ইয়াবা, নগদ ৩১ হাজার টাকা উদ্ধারসহ একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।