ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১:২৭ পূর্বাহ্ন

রাজশাহীতে সনাক-ইয়েস সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে দুর্নীতি হ্রাসে রাষ্ট্রীয় উদ্যোগে প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতার সংস্কৃতি চালু করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার রাজশাহীতে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহীর উদ্যোগে আয়োজিত সনাক-ইয়েস সমন্বয় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নীতি-নির্ধারণী ও সেবা প্রদান ব্যবস্থায় নাগরিক সম্পৃক্ততা বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেখানে সনাক মূল অনুঘটকের ভূমিকা পালন করবে। একই সঙ্গে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দুর্নীতি হ্রাসে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।

সনাক সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি রাশেদ ইবনে ওবায়েদ (রিপন)। সনাক সদস্য আলিমা খাতুন লিমার সঞ্চালনায় সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্নীতির অভিজ্ঞতা, সেবাখাতে হয়রানি ও স্বচ্ছতার ঘাটতি তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।