ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১২:৫৬ পূর্বাহ্ন

শুধু রাসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়, নগরবাসীকেও সচেতন হতে হবে: রিটন

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: শুধু সিটি করপোরেশনের একক উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়, এ জন্য নগরবাসীকেও নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিক কর্তৃক গঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সংক্রান্ত কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাসিকের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টি, মশা নিয়ন্ত্রণে ধোঁয়া ছিটানো, মশার উৎপত্তিস্থলে লার্ভা ধ্বংস এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বহুবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নগরবাসীর। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও জানান, পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ কাজে তিনি নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেন।

সভায় রাজশাহী সিটি করপোরেশনের ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান মুক্ত, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. রোজী আরা খাতুন, রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, এনজিও প্রতিনিধি খাজা তারেক, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি ডা. মো. শাকিল আহমেদ এবং রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ।

হাইটেক স্পেশালাইজড হসপিটালের প্রতিনিধিদের সাক্ষাৎ:

এদিকে একই দিন দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইটেক স্পেশালাইজড হসপিটালের প্রতিনিধিদল। হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম গোলাম কিবরিয়া ডন এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. বদরুদ্দোজা লাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসকের সঙ্গে এই সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে স্বাগত জানিয়ে নগরবাসীর কল্যাণে মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।