ঢাকা | অগাস্ট ২৭, ২০২৬ - ১১:৫১ অপরাহ্ন

রাজশাহীতে ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ জাপানের

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষা ও পরিচ্ছন্ন নগরী রাজশাহীতে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা।

গত বুধবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে তাঁর দপ্তরে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় জাপানি প্রতিনিধি দল এই আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা জানান, রাজশাহীতে বিশেষায়িত জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান স্থাপন করা হলে স্থানীয় যুবসমাজকে মানসম্মত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। এর মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে তাঁদের সরাসরি জাপানে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে বলে তাঁরা আলোচনা করেন।

জাপানি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে রাসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।

সাক্ষাৎকালে জাপানের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া এবং জেনকির প্রতিনিধি বান্নু। এ সময় স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এস এম এ হোরাইরা, ফজলে তাহের বকুল এবং অ্যাডভোকেট মেহেদী উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।