রাজশাহীতে ছুটির দিনে সবজির বাজারে স্বস্তি
স্টাফ রিপোর্টার: ছুটির দিনে রাজশাহীর কাঁচাবাজারগুলোতে নেমে এসেছে স্বস্তির হাওয়া। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অধিকাংশ সবজির দাম কমেছে।
শুক্রবার সকালে নগরীর প্রধান প্রধান কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় সবজির সরবরাহ বাড়ায় কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমেছে। গতকাল সকালে রাজশাহীর ঐতিহ্যবাহী মাস্টার পাড়া কাঁচাবাজার, খড়খড়ি ও হড়গ্রাম বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারদরের এই চিত্র পাওয়া যায়।
সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে কাঁচামরিচের দামে। সপ্তাহখানেক আগেও যে কাঁচামরিচ প্রতি কেজি ২৬০ টাকায় বিক্রি হচ্ছিল, সরবরাহ স্বাভাবিক হওয়ায় আজ তা নেমে এসেছে মাত্র ৮০ টাকায়। এছাড়া মধ্যবিত্তের স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আলুর দামও। গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলু আজ বিক্রি হচ্ছে ২৫ টাকায়।
অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শশা ৫০ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। এছাড়া বাজারে ঢেঁড়স ও পটল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে কেনাবেচা হতে দেখা গেছে। তবে দুই-একটি পণ্যের দাম এখনো অপরিবর্তিত রয়েছে।
বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, রাজশাহী ও আশপাশের চরাঞ্চল এবং স্থানীয় উপজেলাগুলো থেকে বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ আসছে। সরবরাহ বাড়ার কারণে পাইকারি বাজারেই দাম অনেক কমে গেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ছুটির দিনে বাজারে আসা ক্রেতারা এই দরপতনে সন্তোষ প্রকাশ করেছেন।
তারা জানান, বেশ কিছুদিন ধরে বাজারে সবজির যে ঊর্ধ্বমুখী ভাব ছিল, তা অনেকটাই কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজিতে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমায় সাধারণ মানুষের জন্য কেনাকাটা বেশ সহজ ও সাশ্রয়ী হয়েছে। বাজারদরের এই স্থিতিশীলতা ও তদারকি যেন নিয়মিত বজায় থাকে-এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রেতাদের।











