ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ থানা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার জুমার নামাজ শেষে ‘বখতিয়ারাবাদ যুব সমাজ’-এর উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, জুমার নামাজ শেষে বখতিয়ারাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বয়োজ্যেষ্ঠ ও যুবকরা একত্রিত হয়ে একটি মাদকবিরোধী র‌্যালি বের করেন। বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভে অংশ নেয়া স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশু-কিশোর ও উঠতি বয়সের তরুণরা এতে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের স্বাভাবিক জীবন ও শিক্ষাজীবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কোমলমতি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন অভিভাবকরা।

সমাবেশে স্থানীয়রা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়া হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বিক্ষোভ চলাকালে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গত শনিবার বোয়ালিয়া থানা থেকে বিশেষ পুলিশ ফোর্স এনে সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

পুলিশের এই আশ্বাসে স্থানীয়রা সাধুবাদ জানিয়ে বলেন, কেবল একদিনের অভিযান নয়, মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান চালাতে হবে। একই সঙ্গে আসক্ত তরুণদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানান তারা।

সোনালী/জগদীশ রবিদাস