চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনুপামপুর কলোনিপাড়া গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) ও তাঁর পুত্রবধূ শরীফুল ইসলামের স্ত্রী তানিয়া বেগম (২৫)। স্বজনরা জানান, বাড়ির গোয়াল ঘরের পাশ দিয়ে নেয়া বৈদ্যুতিক তারের কাছাকাছি কাপড় শুকানোর জন্য একটি দড়ি টানানো ছিল। দুপুরে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তানিয়া বেগম।
পুত্রবধূকে বিদ্যুতের কবল থেকে রক্ষা করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শমসের আলী ও তানিয়া বেগম দুজনকেই মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। একই পরিবারের দুজনের আকস্মিক মৃত্যুতে অনুপামপুর কলোনিপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।











