ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

৭২ ঘণ্টার মধ্যে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা শিক্ষার্থীকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পর্যটন নগরী কক্সবাজার থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত ১০ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়া এলাকায় অবস্থিত ‘আল-জামিয়া আস-সালাফিয়া’ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ওই দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। ঘটনায় পরদিন (১১ আগস্ট) শাহমখদুম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থীদের ছদ্মনাম ‘রাফি’ (১৩) ও ‘হাবিব’ (১২)। রাফির বাড়ি রাজশাহীর বাগমারা থানায় এবং হাবিবের বাড়ি নওগাঁর মান্দা থানায়।

জিডিভুক্তির পরপরই আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবিরের নির্দেশনায় অনুসন্ধান অভিযানে নামে শাহমখদুম থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও স্থানীয় তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়। পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে সফল অভিযান চালিয়ে ৭২ ঘণ্টার মধ্যে দুই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহীতে ফিরিয়ে আনে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা স্বীকার করেছে যে মূলত সমুদ্র সৈকত দেখার কৌতুহল থেকেই তারা পরিবারকে না জানিয়ে কক্সবাজারে গিয়েছিল। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃতদের স্ব-স্ব বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সন্তানদের নিরাপদে ফিরিয়ে দেয়ায় আরএমপির প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্বজনরা।