এসএসসিতে ফেল করায় বাগমারা ও শিবগঞ্জে ২ স্কুলছাত্রীর আত্মহত্যা
সোনালী ডেস্ক: এসএসসিতে ফেল করায় রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল সোমবার দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বাগমারা প্রতিনিধি জানান, রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ার হতাশায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তাঁর ফলাফল আশানুরূপ হয়নি। এতে তিনি প্রচণ্ড মানসিক হতাশায় ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যান তিনি। দীর্ঘক্ষণ তাঁর সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা কক্ষে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। সোমবার দুপুরে ফলাফল প্রকাশের পর আত্নহত্যা করে ওই শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান। নিহত ছাত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে হালিমা খাতুন তরিকা (১৬)। সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতো।
নিহত শিক্ষার্থীর স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসির ফলাফল প্রকাশ হলে হতাশ হয়ে পড়েন হালিমা খাতুন। সবগুলো বিষয়ে পাশ করলেও অকৃতকার্য হন ইংরেজিতে। আক্ষেপ থেকেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন খবর পেলে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, এসএসসির ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।











