পুঠিয়ায় হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় বাড়িতে বসে হেরোইন ও ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন সদৃশ্য পাউডার ও ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সুবর্ণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন সুবর্ণপাড়া গ্রামের মেহের আলীর ছেলে সুমন আলী (২৬) ও আঃ মালেকের ছেলে সবজু আলী (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের আটক করে। উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করে সুমন আলীর কাছ থেকে একটি স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন সদৃশ পাউডার এবং একটি নীল রঙের এয়ারটাইট ব্যাগে রাখা ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৪ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানায়, গ্রেপ্তার সুমন আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











