এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক ও জেলা পরিষদ প্রশাসকের অভিনন্দন
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।
সোমবার পৃথক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় তারা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি এই অভিনন্দন জানান এবং উত্তীর্ণদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন তার বার্তায় বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের অক্লান্ত সহযোগিতার ফলেই আজকের এই অর্জন। তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা এই সাফল্যকে ধারণ করে জ্ঞান, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে আগামী দিনের উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) তার শুভেচ্ছা বার্তায় বলেন, সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগের ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। একই সঙ্গে পৃথক বার্তা দুটিতে উভয় প্রশাসকই কাক্সিক্ষত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দেন। রাসিক প্রশাসক তাদেরকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।











