ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

রাজশাহী ও পাবনা ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:44 pm

সোনালী ডেস্ক: রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ পেয়েছে, অন্যদিকে পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই।

চারঘাট প্রতিনিধি জানান, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবছর এ কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৯ জনই জিপিএ-৫ পেয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় এ কলেজের মোট ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জনই জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অন্যান্য বারের মত এ বছরও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।

এদিকে ‎পাবনা প্রতিনিধি জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকেই পেয়েছে জিপিএ-৫। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটিই শতভাগ। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অকৃতকার্য হয়নি। এদের মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫। আর দুজন জিপিএ-৫ অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি।

‎পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।