রাবিতে ইরানি কবি শাহরিয়ারের ওপর সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ইরানের আধুনিক কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. বেলাল হোসেন।
বিভাগের সভাপতি প্রফেসর তাহমিনা বেগমের সভাপতিত্বে সেমিনারে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহ্দি মৌলায়ী আরানি। সেমিনারে ‘মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের কবিতায় নৈতিক ও মানবিক চেতনা’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মো. কামাল হোসাইন। অনুষ্ঠানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।











