ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীতে নগদ টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিক্রির নগদ অর্থসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ ও ৩ আগস্ট রাজপাড়া থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট রাতে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে দাশপুকুর বৌ-বাজার এলাকার মো. বাপ্পি ওরফে হিটু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা এবং নগদ ৪৩০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ৩ আগস্ট রাত পৌনে ১টার দিকে আইডি বাগানপাড়া এলাকা থেকে বহরমপুর ব্যাংক কলোনির বাসিন্দা মো. মোস্তাক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৮০০ টাকা উদ্ধার করা হয়। একই দিন ভোর ৪টার দিকে একই এলাকা থেকে রাব্বুল শেখ নামের অন্য একজনকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে ৯১টি ট্যাপেন্টাডল, ৯টি ইয়াবা, ১৩৫ গ্রাম গাঁজা, ০.০৪ গ্রাম হেরোইন এবং নগদ ৩১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। আরএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।