ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘প্লাস্টিকের বদলে গাছ’ শীর্ষক ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাদা পায়রা উড়িয়ে প্রচারণার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’ কোর্সের অংশ হিসেবে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা কোর্স শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইনের তত্ত্বাবধানে এটি আয়োজন করেন।

কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা নিজেদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে উপহার হিসেবে একটি করে গাছের চারা গ্রহণ করেন। প্রথম ৩০০ জন অংশগ্রহণকারীকে গাছের চারা দেওয়া হয় এবং সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়।

এ ছাড়া ক্যাম্পাসে ৩০টি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, জেসিএমএস বিভাগের ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর উপ-পরিচালক মো. সিরাজুর রহমানসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস