ঢাকা | অগাস্ট ৪, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

মতিহারে পিস্তল ও চাকু ঠেকিয়ে টাকা ও বাইক ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ডাঁশমারী করিডোরের মোড় এলাকায় ব্যাংক থেকে তুলে নিয়ে যাওয়া নগদ ৭ লাখ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আবু বাক্কার (২৫)। তিনি মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মো. আলমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী আবু বাক্কার নগরীর আলুপট্টি এলাকার পূবালী ব্যাংকের প্রধান শাখা থেকে নগদ ৭ লাখ টাকা তুলে নিজের মোটরসাইকেলযোগে (রাজ-মেট্রো-ল-১২-৫৭৭৮) বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাঁশমারী করিডোরের মোড়ে একটি রিকশা গ্যারেজের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিপথ রোধ করে।

অভিযোগে দাবি করা হয়, জাহাজঘাট (মহব্বতের মোড়) এলাকার মো. জনি (২৭), মো. রিয়াজ (২৫), মো. বিশাল (২৩), মো. প্রান্ত (২৫) ও মো. উজ্জ্বল (২৪)-সহ সংঘবদ্ধ চক্রটি তাকে পিস্তল ও চাকু প্রদর্শন করে সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা, মানিব্যাগ, একটি স্যামসাং মোবাইল ফোন এবং তার পালসার মোটরসাইকেলটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই ভুক্তভোগী বাড়িতে খবর দিলে তার বাবা এবং দুই ভাই আলাদা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদেরও মোটরসাইকেল ও মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেয়। পরবর্তীতে ঘটনাটি ঢাকতে বা অন্য কোনো উদ্দেশ্যে ৩০০ টাকা মূল্যের ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তাদের জোরপূর্বক স্বাক্ষর করিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়।

অভিযোগে আরও জানানো হয়েছে, ডাঁশমারী পশ্চিমপাড়া এলাকার মো. শাকিব ও মোসা. মেহেরুন এবং রাজপাড়া এলাকার মো. সাহাবুল বাসার টুটুলসহ স্থানীয় কয়েকজন ঘটনাটি জানেন। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।