আমিরপুর ঘাটে অতিরিক্ত টোল: চরবাসীর স্মারকলিপি, সমাধানের আশ্বাস রাসিক প্রশাসকের
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে চর মাজারদিয়াড়বাসীর পক্ষ থেকে আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ে অভিযোগ সংক্রান্ত বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় রাসিক প্রশাসক চরবাসীর সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
অতিরিক্ত টোল আদায়ের অভিযোগটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এর প্রেক্ষিতে বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল আমিরপুর ফেরিঘাট সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তারা উক্ত স্থানে স্থায়ীভাবে ২টি টোল চার্ট নির্মাণে জায়গা নির্ধারণ করে দেন।
পরিদর্শনকালে নির্ধারিত টোল চার্ট অনুযায়ী টোল আদায়ের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
একই সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়।
এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











