ঢাকা | জুন ২৪, ২০২৬ - ২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

শিক্ষার্থীদের মাঝে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বৃক্ষ বিতরণ

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৮০ জন শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ফলজ ও ওষুধি গাছ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর আর্থিক সহযোগিতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৌশলগত সহায়তায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আই হাই রাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আই হাই রাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আই হাই রাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীসহ সর্বমোট ৫৭৯ জনের মাঝে জনপ্রতি ৫টি করে মোট ২ হাজার ৮৯৫টি জলপাই, আমড়া, ছফেদা, নিম ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়।

আই হাই রাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আব্দুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জিয়ারুল হক এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ফোকাল পারসন জাহাঙ্গীর আলম। ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের অ্যাকাউন্টস কাম এমআইএস অফিসার রনি শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্প সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিতরণ কর্মসূচির আওতায় আই হাই রাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৫৪ জন (ছাত্রী ১৩৫, ছাত্র ১১০ এবং শিক্ষক-কর্মচারী ৯ জন) এবং আই হাই রাহী উচ্চ বিদ্যালয়ের মোট ৩২৫ জন (ছাত্রী ১৬৩, ছাত্র ১৪০ এবং শিক্ষক-কর্মচারী ২২ জন) সহ সর্বমোট ৫৭৯ জনের প্রত্যককে ৫টি করে গাছ দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানসম্মত পরিবেশ প্রতিষ্ঠায় এই উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করবে।

অতিথিবৃন্দ ও অভিভাবকেরা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জিসিএফ, পিকেএসএফ ও শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আসলাম উদ্দিন, টেকনিক্যাল অফিসার ইনতেখাব আলম, নূরজাহান ও পাভেল শেখসহ সংস্থাটিন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।