বাগমারা, মান্দা ও পাবনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী ও রংপুর বিভাগের তিন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার দুপুরে ও বিকেলে রাজশাহীর বাগমারা, নওগাঁর মান্দা এবং পাবনা জেলা সদরে এসব কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। পৃথক এসব সমাবেশে বক্তারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাগমারা প্রতিনিধি জানান, বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। কর্মসূচিতে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নওগাঁর মান্দা উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের সহ-সভাপতি আল মামুন এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পাবনা প্রতিনিধি জানান, সাংগঠনিক সপ্তাহ ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিশাল প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদসহ জেলা, থানা এবং পৌর যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।











