ঢাকা | জুন ২২, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

ভারত থেকে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ চোরাকারবারী আটক

  • আপডেট: Sunday, June 21, 2026 - 10:55 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ মাহফুজুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

গত শনিবার রাতে জেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে এসব ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ তাকে আটক করা হয়।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আটক চোরাকারবারী শিবগঞ্জ উপজেলার কানসাট-বাজিতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।

বিজিবির অধিনায়ক জানান, ভারত থেকে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে ট্রাকের যন্ত্রাংশের চালান দেশে ঢুকেছে- এমন সংবাদের ভিত্তিতে রাতে পিরোজপুর এলাকায় একটি বাংলাদেশী পাথরবোঝাই ট্রাকে তল্লাশী চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল।

এ সময় পাথরের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় মাহফুজুর রহমান নামে এক চোরাকারবারীকে।

এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জব্দকৃত মালামালসহ চোরাকারবারীকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত শুক্রবার সোনামসজিদ এলাকার পরিত্যক্ত একটি পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি।