বিচারকের ছেলে হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন মা বোন দুলভাই ও গৃহকর্মী
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যার মামলায় এবার আদালতে সাক্ষ্য দিলেন নিহতের মা, বোন, দুলাভাই ও গৃহকর্মী। এ হত্যা মামলায় এনিয়ে মোট ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।
রোববার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম এ সাক্ষ্যগ্রহণ করেন। নিহতের মা তাসমিন নাহার সুমি, বোন তাসমিন তাবাসুম লাবিবা, দুলাভাই ওবায়দুল্লা খোকন ও গৃহকর্মী চুমকি খাতুন আদালতে সাক্ষ্য দেন।
আসামি পক্ষে সাক্ষিদের জেরা করেন অ্যাডভোকেট সুশান্ত সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি আলী আশরাফ মাসুম, অতিরিক্ত পিপি আদিব ইমাম ডালিম। মামলার পরবর্তী সাক্ষির জন্য আগামী ১ ও ২ জুলাই বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
এর আগে ১৮ জুন বৃহস্পতিবার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন মামলার বাদি রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান, পুলিশের টহলদলের এসআই শাহাদত হোসেন ও বাড়ির নিরাপত্তা কর্মী মেছের আলী আদালতে সাক্ষ্য দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায় গত ১৩ নভেম্বর নগরীর তেরখাদিয়া এলাকায় বাসায় ঢুকে রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ১৬ বছর বয়সী নাবালক ছেলে তাওসিফ রহমান সুমনকে নিজ বাড়িতে হত্যা করা হয়।
এই ঘটনায় পরদিন ১৪ নভেম্বর নগরীর রাজপাড়া থানায় বিচারক আব্দুর রহমান নিজেই বাদী হয়ে লিমন মিয়াকে (৩৫) একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় ১৫ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ আসামি লিমন মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই ঘটনায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমনকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেয়ায় ১৯ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ দেয় আদালত।











