নওগাঁসহ চার জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু, আহত ৩
স্টাফ রিপোর্টার: সারাদেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পৃথক স্থানে আকস্মিক বজ্রপাতে দাদা-নাতিসহ অন্তত ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে নওগাঁর রাণীনগর, নাটোরের লালপুর, বরিশালের গৌরনদী এবং কুড়িগ্রামের চিলমারীতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনই মাঠে ও পানবরজে কর্মরত শ্রমিক।
রাণীনগরে ধান কাটার সময় দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু:
নওগাঁর রাণীনগর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও তার নাতি আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। অন্যজন গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারইল গ্রামের জ্যাঠা মাঠে এক গৃহস্থের জমিতে দিনমজুর হিসেবে ধান কাটছিলেন আক্কাস ও তারেক। বেলা ১১টার দিকে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়। অন্যদিকে, একই সময়ে গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তালুকদার মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। বিকেলে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নাটোরে ইটভাটায় শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী: নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক। আজ বেলা সাড়ে ১১টার দিকে সিরাজীপুর এলাকার ‘সুপার ইটভাটায়’ এ দুর্ঘটনা ঘটে। নিহত এসকেন আলী লালপুরের বালিতিতা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী শাপলা খাতুন (৩০) ও একই এলাকার সুফিয়া খাতুন (৬০)।
স্থানীয়রা জানান, সকালে আকাশ মেঘলা থাকার পর হঠাৎ বজ্রপাত হলে ভাটায় কর্মরত শ্রমিকরা আক্রান্ত হন। গুরুতর আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এসকেন আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশালে পানবরজে বজ্রাঘাত, দুই শ্রমিকের প্রাণহানি: বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রাঘাতে পানবরজের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত ইধষধ (৩৮)। আহত গোপাল সরকার (৪০) দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, শ্রমিকরা ভিমেরপাড় এলাকার একটি পানবরজে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত গোপাল সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে অটোচালকের মৃত্যু: কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান পেশায় অটোরিকশাচালক রফিকুল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।











