ঢাকা | মে ২১, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক মার্স রোভার চ্যালেঞ্জে তুরস্কের পথে রুয়েটের ‘টিম অগ্রদূত’

  • আপডেট: Thursday, May 21, 2026 - 10:44 pm

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোভার গবেষণা ও উদ্ভাবনী দল ‘টিম অগ্রদূত’ আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোভার প্রতিযোগিতা ‘অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬’-এ দলটি বিশ্বব্যাপী ১৩তম স্থান অর্জন করেছে।

শুধু তাই নয়, ডিজাইন ক্যাটাগরিতে ৫০-এর মধ্যে ৪৮ দশমিক ৫৯ নম্বর পেয়ে প্রতিযোগিতার অন্যতম সেরা স্কোর অর্জন করেছে দলটি। আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তুরস্কের আঙ্কারায় অবস্থিত মিডল ইস্ট টেকনিক্যাল ইউনির্ভার্সিটি (মেটু) ক্যাম্পাসে প্রতিযোগিতাটির মূল পর্ব অনুষ্ঠিত হবে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘টিম অগ্রদূত’ শুরু থেকেই দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ রোভার ও স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। ২০১৮ সালের ‘ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে দলটি এশিয়ার শীর্ষ প্রতিযোগীদের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া ২০১৯ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ’-এ বিশ্বব্যাপী ২৭তম স্থান লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়।

পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল রোভার ডিজাইন চ্যালেঞ্জ (আইআরডিসি) ২০২৩’-এ দলটি বিশ্বে ১১তম এবং বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে ব্যাপক সাড়া ফেলে। একই ধারাবাহিকতায় ‘আইআরডিসি ২০২৫’-এ সেমিফাইনালিস্ট এবং ‘আইআরসি ২০২৫’-এ ফাইনালিস্ট হওয়ার মাধ্যমে দলটি বাংলাদেশের অন্যতম সফল রোভার টিম হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। শুধু প্রতিযোগিতামূলক সাফল্যেই নয়, বাস্তব প্রযুক্তিগত উদ্ভাবনেও টিম অগ্রদূতের অবদান উল্লেখযোগ্য। ২০২৪ সালে দলটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বোম্ব ডিসপোজাল রোবট তৈরি করে, যা তাদের বাস্তবমুখী প্রকৌশল দক্ষতা ও গবেষণা সক্ষমতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

দলটির মূল লক্ষ্য উন্নত অটোনোমাস রোভার প্রযুক্তি উন্নয়ন এবং তরুণ প্রকৌশলীদের হাতে-কলমে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবকদের অনুপ্রাণিত করাই তাদের মূল ভিশন। বর্তমানে দলটি এআরসি ২০২৬-এর চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে।