অনিয়মের প্রমাণসহ হোয়াটসঅ্যাপে অভিযোগ মিললেই ব্যবস্থা: বিভাগীয় কমিশনার
স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভাগের ৮ জেলার ভূমি অফিসে বিভাগীয় ও জেলা প্রশাসনের দুটি মোবাইল নম্বর দিয়ে ফেস্টুন লাগানো হয়েছে। ভূমি সেবা নিশ্চিতসহ অনিয়ম দুর করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ভূমি সেবা বা হয়রানি সংক্রান্ত যেকোনো অভিযোগ প্রমানসহ তাতে দিলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিসে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। সরকার ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় এনে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে। এই সেবাকে আরও কার্যকর করতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে হবে।
রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস চত্তরে আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় ৯টি সহায়তা বুথের মাধ্যমে তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় এক হাজারের বেশি সেবা গ্রহীতা বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করেন। দ্রুততা ও সহজতার কারণে সেবাপ্রাপ্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের সংযোগ বাড়ানো এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়। মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেয়া হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে অনেক সেবা প্রদান করা হয়, যা সেবা গ্রহণকারীদের সময় ও ভোগান্তি কমিয়েছে।
মেলার বিভিন্ন বুথ ঘুরে দেখা যায়, ই-নামজারি সেবা বুথে ছিল সবচেয়ে বেশি ভিড়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেবা গ্রহীতাদের অনলাইনে আবেদন জমা দিতে সরাসরি সহায়তা করেন। অনেকেই মেলা প্রাঙ্গণেই নামজারি আবেদন সম্পন্ন করতে সক্ষম হন। একইভাবে খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ বুথ থেকেও দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র হাতে পেয়েছেন সেবা গ্রহীতারা। ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত বুথগুলোতেও ছিল ব্যাপক সাড়া। অনলাইনে খাজনা পরিশোধের পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাৎক্ষণিক সহায়তার মাধ্যমে অনেকেই সহজেই তাদের বকেয়া কর পরিশোধ করতে পেরেছেন।
এছাড়া সেটেলমেন্ট অফিসের বুথ থেকে বিডিএস জরিপ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়, যা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক ভূমিকা রাখে। মেলায় আগতদের ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন নম্বর সম্পর্কেও অবহিত করা হয়। পাশাপাশি ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক একটি তথ্যবহুল বুকলেট বিতরণ করা হয়, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভূমি সেবা সম্পর্কে ধারণা পেতে পারেন।
মেলায় স্থাপিত নয়টি সেবা বুথের মধ্যে সেবার মান ও দক্ষতার ভিত্তিতে জেলা প্রশাসন কার্যালয়ের রেকর্ড রুম প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় জোনাল সেটেলমেন্ট অফিস এবং তৃতীয় স্থান লাভ করে সাব-রেজিস্ট্রারের কার্যালয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী বুথগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা) অভিজিত সরকার ও সহকারী কমিশনার ভূমি বোয়ালিয়া আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











